
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোতে পা রাখতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল বছর বিষপ্রয়োগে অসুস্থ হয়ে যাওয়ার পর জার্মানিতে চিকিৎসা শেষে রোববার দেশে ফিরলেন পুতিনবিরোধী এই নেতা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থগিত কারাদণ্ডের শর্ত লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড হতে পারে নাভালনির। এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ বাড়তে পারে।
জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার পরে গেল সপ্তাহে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন নাভালনি।
তখন মস্কো প্রিজন সার্ভিস জানায়, দেশে ফেরার পর তাকে গ্রেপ্তারে সবকিছু করা হবে। তার বিরুদ্ধে স্থগিত কারাদণ্ড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
২০১৪ সালে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল। যদিও তার বিরুদ্ধে তোলা এ অভিযোগ সাজানো বলে তিনি দাবি করেন।




