কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও থানার সামনে ভাবির দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ঈদগাহ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট চারজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় এবং আহত ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।