মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সবকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২ বছর কারাদণ্ড ও ২১০ মিলিয়ন (২১ কোটি) রিংগিত জরিমানা করেছে। ২৮ জুলাই নাজিবের বিরুদ্ধে আনা ৭ অভিযোগের প্রত্যেকটিতেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মো. নাজিম মোহাম্মদ গাজ্জালি মামলার রায় ঘোষণা করতে গিয়ে বলেন, মামলার সব তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

এই মামলায় বিশ্বাসভঙ্গ, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ সাত ধরনের অভিযোগ আনা হয়েছিল নাজিব রাজাকের বিরুদ্ধে। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে তিনি মামলার শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

এদিকে রায় ঘোষণার পর নাজিব সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। দিনভর আদালত প্রাঙ্গণে ছিলেন তার সমর্থকরা। মিটিং ও প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। নাজিব রাজাক এই রায়ের বিরুদ্ধে আপিল করার পর আদালত সাথে সাথে তা নাকচ করে দেন।