
আন্তর্জাতিক ডেস্ক
মৃত্যু গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অবশেষে ২০ দিন পর জনসমক্ষে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মে দিবসের অনুষ্ঠান ও একটা সার কারখানা উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) । তারা বেশ কিছু ছবিও প্রকাশ করেছে কিম জং উনের।
কেসিএনএ তাদের প্রতিবেদনে দাবি করে, ফিতা কেটে দেশটির একটি সার কারখানার উদ্বোধন করেন কিম জং উন। এসময় তার বোন কিম ইয়ো জংসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কিম মে দিবসের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করা হলে, এখনই কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। এর আগে সর্বশেষ ১২ এপ্রিল জনসমক্ষে দেখা গিয়েছিল কিম জং উনকে। এরপর থেকে শারীরিক অসুস্থতায় জনসমক্ষে আসেননি তিনি। এমনকি তার দাদা কিম সুং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না এই নেতা। অথচ এটিকে দেশটির অন্যতম জাতীয় উৎসব হিসেবে মনে করা হয়। এরপরই বাতাসে গুঞ্জন, কিম মারা গেছেন। যদিও যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়াও বিষয়টিকে নাকচ করে দেন।
দেশবাংলাবিডি২৪/তা/




