
আন্তর্জাতিক ডেস্ক
আবারও ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চাইলে “একদিনেই ইরানকে গুঁড়িয়ে” দিতে পারেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি… তাদের পুরো জ্বালানি খাত, প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র—সবকিছু শেষ করে দিতে পারি।”
হরমুজ প্রণালি ইস্যুতে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে কোন জাহাজ চলবে তা ইরান নির্ধারণ করতে পারে না। তার ভাষায়, “হয় সব জাহাজ নিরাপদে চলাচল করবে, নয়তো একটিও নয়।”
ইরানের তেল রপ্তানি নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পছন্দের ক্রেতার কাছে তেল বিক্রি করে আয় করতে দেবে না। “এটা হবে ‘সব অথবা কিছুই না’—এটাই নিয়ম,” যোগ করেন তিনি।
তিনি আরও জানান, সম্ভাব্য এই অবরোধ অনেকটা ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো হবে, তবে আরও বিস্তৃত পরিসরে। এর ফলে বেশি সংখ্যক তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রে আসবে বলেও দাবি করেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।




