
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে এবং দেশটি সামরিকভাবে কার্যত শেষ। যুক্তরাষ্ট্র কেবল বর্তমান পরিস্থিতি বজায় রাখছে উল্লেখ করে তিনি বলেন, আপাতত নতুন কোনো সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি। তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি। ট্রাম্পের ভাষ্যমতে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।
এদিকে, বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাদের কথা হয়েছে। তিনি এই আলোচনাকে ইতিবাচক বলে অভিহিত করেন।
অন্যদিকে, ট্রাম্পের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন ইরানের কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সরকার ইতোমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে। কাল্পনিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি।
একই বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, ইরান আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও কোনো ধরনের চাপের কাছে আত্মসমর্পণ করবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্যেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেল, গ্যাস ও সার পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দেশটি।




