
সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে চারটি কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান। সেপ্টেম্বর মাসে এসব সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছায়। সৌদি আরব যখন হুতিদের ব্যাপক সামরিক অভিযানের মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে, তখন পাকিস্তানের এই সরবরাহের তথ্য প্রকাশ্যে এলো।মানচিত্র দেখুন
পাকিস্তানি সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, পাঠানো সরঞ্জামের মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, চালকবিহীন আকাশযান এবং চালকবিহীন আকাশযান প্রতিরোধী ব্যবস্থা। পাশাপাশি সৌদি সামরিক উপদেষ্টাদের সঙ্গে ইয়েমেনি সেনাদের সহায়তায় পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও সেখানে অবস্থান করছেন।
পাকিস্তানের এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ দেশটির ইয়েমেন যুদ্ধে সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিডল ইস্ট আইয়ের সঙ্গে কথা বলা পশ্চিমা ও আরব দেশগুলোর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের মোকাবিলায় সৌদি আরব উচ্চমাত্রার সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। হুতিদের সাম্প্রতিক অগ্রগতিতে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল তাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে তাইজ শহরের আশপাশে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হুতিরা তাইজের সরকার নিয়ন্ত্রিত এলাকা ও এডেনের মধ্যে সংযোগকারী একটি সেতু ধ্বংস করেছে।
হুতিরা ইয়েমেন সরকারের কাছ থেকে তাইজের নিয়ন্ত্রণ নিতে পারলে উত্তরাঞ্চলে থাকা সরকারের ভূখণ্ড থেকে এডেন বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে সরকারের সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হবে।সরকারি সেবা
হুতিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলাও জোরদার করেছে। হুতিরা বৃহস্পতিবার দাবি করেছে, আগের ২৪ ঘণ্টায় সৌদি আরব তাদের অবস্থান লক্ষ্য করে ৯৪টি বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি আরব জানিয়েছে, সানায় একটি ‘উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে অভিযান’ চালানো হয়েছে এবং সাদায় ১১টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। তাইজে একটি ‘সমন্বিত সামরিক ব্যবস্থা’র ওপর ২৭টি বিমান হামলা চালানোর কথাও জানিয়েছে দেশটি।
অন্যদিকে হুতিরাও সৌদি আরবের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে রিয়াদ বিমানবন্দরও রয়েছে।




