ইসরায়েলকে স্বীকৃতি দিলে সৌদিকে পরমাণু প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে প্রস্তাবিত একটি চুক্তি মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে দেশটিতে মার্কিন পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সুযোগ তৈরি হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সৌদি আরবে ‘এপি১০০০’ ধরনের পারমাণবিক চুল্লি নির্মাণে অংশ নিতে পারবে।

জুলাইয়ে স্বাক্ষরিত প্রস্তাবিত এই চুক্তির মেয়াদ ৩০ বছর। কয়েক হাজার কোটি ডলারের প্রকল্পটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও কানাডার পারমাণবিক প্রযুক্তি এবং সম্পদ ব্যবস্থাপনা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের ব্যবসায়িক সুযোগ পেতে পারে। এর মধ্যে মার্কিন কোম্পানি ওয়েস্টিংহাউসও রয়েছে।

চুক্তিটি বর্তমানে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। কংগ্রেসের আইনপ্রণেতাদের এটি নিয়ে সিদ্ধান্ত নিতে ৯০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে আপত্তি না জানালে চুক্তিটি কার্যকর হওয়ার সুযোগ রয়েছে। তবে কংগ্রেস চুক্তিটি বাতিলের উদ্যোগ নিলে প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। সেই ভেটো অতিক্রম করতে হলে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে।

সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় যুক্ত করার চেষ্টা আগেও করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসন। ২০২০ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

পরবর্তীতে সৌদি আরবকেও একই প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেয় ট্রাম্প ও জো বাইডেন প্রশাসন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রিয়াদ ও তেল আবিবের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও ওই বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আলোচনা কার্যত থেমে যায়।

সৌদি আরবের অবস্থান হলো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুস্পষ্ট ও স্থায়ী একটি পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না দেশটি।

এদিকে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণের ওপর কঠোর বিধিনিষেধ না থাকলে ভবিষ্যতে সৌদি আরবের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা আলোচনায় এ ধরনের কঠোর শর্তকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে উল্লেখ করা হয়।

সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে একই মাত্রার নিষেধাজ্ঞা না থাকায় প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, চুক্তিতে মার্কিন আইন ও বিদ্যমান কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে।