
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর এটি অন্যতম বড় হামলা।
বুধবার (১ এপ্রিল) ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। হামলার সময় তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেপণাস্ত্র বা তার ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আঘাত হানতে পারে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। একই সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগও উঠেছে, যা বিস্ফোরণের পর ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো শুরু করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে আসছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এসব হামলায় বিপুল প্রাণহানির তথ্যও সামনে এসেছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা এলাকাগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর ফলে হতাহত ছাড়াও অবকাঠামোগত ক্ষতি এবং আন্তর্জাতিক বাজার ও বিমান চলাচলে প্রভাব পড়ছে।
সূত্র: আনাদোলু




