
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগতে পারে।
বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে স্বল্প সময়ে কোনো গণঅভ্যুত্থান ঘটবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতি মূলত দেশের অভ্যন্তরীণ অবস্থার ওপর নির্ভরশীল।
তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে ইরানের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং এতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ক্ষতির মুখে পড়েছে।
নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ায়নি; বরং নিজস্ব স্বার্থ ও নিরাপত্তার বিবেচনায় ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই উত্তেজনা শুরু হয়। এরপর ইরান বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালালে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে।




