
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি।
স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ট্রুডো দম্পতি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবিসির এক খবরে বলা হয়েছে, বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সোফি গ্রেগরি অসুস্থতাবোধ করেন। পরে তার করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।তবে সে পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। প্রতিবেদন পাওয়ার আগেই স্বেচ্ছা আইসোলেশনে যান ট্রুডো ও তার স্ত্রী।
ট্রুডোর কার্যালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্য সফরের ব্যস্ততা থেকে ফিরে বুধবার গভীর রাতে সোফি গ্রেগরির জ্বরসহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা স্বেচ্ছা আইসোলেশনে গেছেন।এদিকে জাস্টিন ট্রুডোর শরীরে ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে তার কার্যালয়। এক বিবৃতিতে তার কার্যালয় থেকে জানানো হয়, ট্রুডোর তেমন কোনো আশঙ্কা না থাকলেও চিকিৎসকের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবেন।




