
যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ওপর আনা প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছেন সে দেশের পার্লামেন্ট সদস্যরা।
শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউজ অব কমন্সে থেরেসা মে’র চুক্তিটির পক্ষে ভোট পড়ে ২৮৬টি। অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছিলেন ৩৪৪ জন এমপি।
ব্রেক্সিটের জন্য এটিই ছিল একমাত্র চুক্তি যাতে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে ব্রিটেনের মতৈক্য হয়েছিল। কিন্তু এ চুক্তিটি পার্লামেন্টে এতটাই সমালোচিত হয় যে, পর পর তিনবার ভোটে দিয়েও এটি পাস করাতে পারলেন না প্রধানমন্ত্রী মে।
এর আগে ইইউ ত্যাগের জন্য যুক্তরাজ্যের সামনে চূড়ান্ত সময়সীমা দেয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিলো, একটা চুক্তির ভিত্তিতে ইইউ ত্যাগ করতেহলে ২৯ মে’র মধ্যেই সেটা পার্লামেন্টে পাস করাতে হবে।
কিন্তু থেরেসা মে’র আনা চুক্তিটি পার্লামেন্টে পাস করানো সম্ভব হয়নি। শুধু তাই নয়, এর আগে যেসব বিভিন্ন বিকল্প প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছিল সেগুলোর কোনটাই পাস হয়নি। এখন ব্রিটেনকে হয়তো কোনো চুক্তি ছাড়াই ১২ এপ্রিলের মধ্যে ইইউ ত্যাগ করতে হবে।
বিশেষজ্ঞ এবং ব্রেক্সিট-বিরোধীদের আশঙ্কা, এমনটি হলে ব্রিটেনের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে।এদিকে পার্লামেন্টে মে’র প্রস্তাবটি বাতিল হয়ে যাবার পর বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলছেন, প্রধানমন্ত্রী যদি তার প্রস্তাবে পরিবর্তন আনতে না চান তাহলে তাকে পদত্যাগ করতে হবে।
এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই প্রস্তাবটি পার্লামেন্টে পাস না হবার পর দেশটিতে এখন অনেক কিছুই ঘটতে পারে।এর মধ্যে কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট, আদৌ ব্রেক্সিট না হওয়া বা বিলম্বিত হওয়া, নতুন কোন প্রস্তাব চূড়ান্ত হওয়া, নতুন করে ইইউতে থাকা-না-থাকা প্রশ্নে গণভোট, মে’র পদত্যাগ ও নতুন কারো প্রধানমন্ত্রী হওয়া, অথবা নতুন নির্বাচন – এরকম অনেক সম্ভাবনার কথা বলা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার বলেছেন, ব্রিটেন এরপর কি করতে চায় তা এপ্রিলের ১২ তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে। তবে তার আগে অবশ্য ইইউ’র কাছে নতুন করে সময় চাওয়ার সুযোগ রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে দুই দফায় তা হাউস অব কমন্সে পাস করাতে ব্যর্থ হন।
তৃতীয় দফায় চুক্তিটি সংসদে তোলার আগে ইইউ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিট বাস্তবায়নের তারিখ পরিবর্তন করাতে সমর্থ হন মে। সম্প্রতি থেরেসা মে বলেছেন, তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটিতে যদি এমপিরা সমর্থন দেন তাহলে তার বদলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতেও প্রস্তুত।কিন্তু এতকিছুর পরও শুক্রবার পার্লামেন্টে তৃতীয়বারের মত প্রত্যাখ্যাত হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পনা।




