
হার্টের গুরুতর অসুস্থতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন দলের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।গত রোববার এ দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়।
এ সময় তথ্যমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করেন।এ সময় দুই নেতাকে আন্তরিক পরিবেশে কথা বলতে দেখা গেছে।ওবায়দুল কাদেরও অনেকটা সেরে উঠেছেন বলে মনে হয়েছে।
কাঠমান্ডুতে এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এপিবিইউ) পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শনিবার সিঙ্গাপুরে যান।রোববার সন্ধ্যায় তিনি সেখানে অবস্থানরত ওবায়দুল কাদেরের সঙ্গে তার সাময়িক নিবাসে সাক্ষাৎ করতে যান।সোমবার রাতেই হাছান মাহমুদের দেশে ফেরার কথা ছিলো।
এদিকে ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।নিয়মিত প্রাতঃভ্রমণে (মর্নিং ওয়াক) বের হচ্ছেন তিনি।রোববার সকালে তিনি নিজের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের প্রাতঃভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
