নারীদের কাহিনি হচ্ছে অপ্রাপ্তির

তাসনিম তাপসী

আজ আন্তর্জাতিক নারী দিবস এবং এই দিনটি ক্যালেন্ডারে স্থান দখল করে নিয়েছে বিশ্ব নারী দিবস হিসেবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। নারীদের জন্য দিনটি একটি ব্যাপক অর্থব্যঞ্জনা সৃষ্টি করে।

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।

১৯১১ সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এরপর থেকে বিভিন্ন দেশে নারী শ্রমিকরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় প্রতি বছর দিনটি পালন করতে শুরু করেন। জাতিসংঘ নারী দিবসকে স্বীকৃতি দেয় আশির দশকে। ৮ মার্চ নারী আন্দোলনের স্মরণীয় দিন হিসেবে অত্যন্ত গুরুত্বর্পূণ এবং নারী আন্দোলনের মাইলফলক হিসেবে চিহ্নিত। বাংলাদেশেও প্রতি বছর বিশ্ব নারী দিবস পালিত হয়।

যুগ যুগ ধরে নারীর উন্নয়নের লক্ষ্যে আন্দোলন করছেন নারীরা। নারী আন্দোলনকে আজকাল সবাই বলছেন, নারীর জীবনমান উন্নয়নের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। মানুষ হিসেবে জানার আন্দোলন। মানবাধিকারের আন্দোলন, কিন্তু বাস্তবে নারী কি চান মুক্তি? নাকি সমতা? পুরুষের অধিকারের সমান অধিকার বাস্তবায়নই কি নারীর চাওয়া? নাকি পুরুষশাসিত সমাজের শিকল থেকে রেরিয়ে আসার জন্য নারীর আন্দোলন? দেশকাল থেকে নারী উন্নয়ন বিচ্ছিন্ন যে বিতর্ক চলছে, তাতে উত্তেজনা যতটা আছে, যুক্তি ততটা নেই। প্রশ্ন তোলা হচ্ছে, আপনি নারী উন্নয়ন বিশ্বাস করেন অথবা করেন না? যেমন কি না কেউ কেউ প্রশ্ন তোলেন, আপনি ঈশ্বর বিশ্বাস করেন বা করেন না? সৃষ্টিকর্তাকে শেখ মুজিব বিশ্বাস করতেন, বিশ্বাস করেন রাষ্ট্রপতি ওবামা, মৌলবাদীরাও। জরুরি প্রশ্ন হচ্ছে, আপনার ঈশ্বর চিন্তার ধরনটা কী? নারীর উন্নয়নের লড়াইটা যে তাদের নিজেদেরই করতে হবে, তাতে সন্দেহ নেই। করতে তো হচ্ছে, কিন্তু যুদ্ধ পুরুষের বিরুদ্ধে নয়। পুরুষের চেয়েও বড় পুরুষ একটি আছে আর সেটি হলো বিদ্যমান ব্যবস্থা। লড়াইটা আসলে ব্যবস্থা নামক প্রক্রিয়ার বিরুদ্ধেই। এর হাতে পুরুষ এবং নারী উভয়ই বন্দি আরো বিশেষভাবে। নারী এবং পুরুষ নয় ‘মানুষ’ কিন্তু এ ক্ষেত্রে বড় বাধা।

শত বছরের অধিক সময় ধরে যে নারী উন্নয়ন অব্যাহত আছে নানারূপে, নানা ছন্দে তার অন্যতম ফলাফল হিসেবে ‘নারী’ শব্দটি আজ চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নারীর জীবন, নারীর জীবিকা, নারীর ভাবনা, নারীর কর্ম ইত্যাদি নানা বিষয়ে গবেষণা, নীতি, কর্মপরিকল্পনা গুরুত্ব পেয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নারী একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এও সত্য যে, এখনো প্রশ্ন ওঠে প্রকৃতপক্ষে এতে নারীর কতটা উন্নতি অথবা উন্নয়ন ঘটেছে। প্রশ্ন উঠেছে, নারীর এই পরিবর্তিত পরিচয়ে নারীর স্বার্থ কতটুকু রক্ষিত হয়েছে কিংবা এই উন্নয়নের কতটা করা হয়েছে প্রচলিত অর্থনীতি, সমাজ আর রাজনীতির সুবিধার্থে। জমা-খরচের খাতায় সব শেষ, হিসাব শেষ পর্যন্ত শূন্যে মিলে যায়। রাজনৈতিক নেতৃত্বে ‘নারী’ অংশগ্রহণে ‘নারী’ শুধু সংখ্যার দিক থেকে বেড়ে চলছে। জীবনমান উন্নত করার প্রয়াসে কোথা অধিকার বিদ্যমান আর কোথা অধিকার নেই; তা জানার পথ প্রশস্ত হচ্ছে না।

সমাজব্যবস্থায় ধর্মীয় গোড়ামি, সামাজিক কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের আবদ্ধতায় নারীকে সব সময় রাখা হয়েছে অবদমিত। তাদের মেধা ও শ্রমশক্তিকে সমাজ ও দেশ গঠনে সংস্পৃক্ত করা হয়নি। মানুষের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পুরুষের পাশাপাশি নারীরও প্রয়োজন। এমনকি নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন ঘটাতে তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার অধিকার এবং রাষ্ট্রীয় ও সামাজিক সর্বজনীনতা সংরক্ষণ করে আত্মশক্তিতে সিদ্ধ হওয়ার প্রশ্নের সহায়ক শক্তি হচ্ছে তথ্য। তথ্য জানার অধিকার একটি মানবাধিকার। সংবিধান ও মানবাধিকার সনদে তথ্যের গুরুত্ব ও তথ্য জানার উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কেননা, তথ্য একটি শক্তি, উন্নয়নের চালিকাশক্তি এবং সমাজ পরিবর্তনে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অর্থনীতি, সমাজ, রাজনীতিতে নারীর জীবনমান উন্নয়নে অংশগ্রহণের বিষয়টি এখন ভিন্ন আঙ্গিকে চিহ্নিত করা হয়। ভিন্ন আঙ্গিকে এ কারণে যে, এসব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সব সময়ই ছিল। কিন্তু তার পরও নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বাস করে এসেছেন যে, নারী স্বল্প বুঝে স্বল্প জানে। তাই একুশ শতকেও বাংলাদেশে নারী ও পুরুষের বৈষম্য-পার্থক্য প্রকটভাবে দৃশ্যমান। সংখ্যাগুরু ও সংখ্যালঘু নাগরিকের মধ্যে নারীর, বিভিন্ন জাতিসত্তার নিপীড়িত মানুষের মধ্যে নারী, দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে নারী হেয়, শোষিত, নির্যাতিত শুধু নারী পরিচয়ে। কিন্তু বর্তমানে প্রচলিত সমাজব্যবস্থায় তথ্য সমতা আনয়ন খুব সহজ ব্যাপার নয়। এ ক্ষেত্রে তিনটি স্তর রয়েছেÑ ১. ব্যক্তিগত ২. প্রাতিষ্ঠানিক/সাংবিধানিক এবং ৩. সামাজিক।

প্রতিটি স্তরেই সমতা প্রতিষ্ঠার প্রচেষ্টা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে আমাদের দৃষ্টিভঙ্গি, আচরণ, কুসংস্কার এসবগুলোই তথ্য সমতার প্রতিকূল হিসেবে কাজ করেছে। তাছাড়া রয়েছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিষ্ঠানের বৈরী নীতিমালা, বিধি আইন, কর্মপদ্ধতি, কাজের পরিতোষ ও কাজের ধারা, কিছুই নারী ও পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে না। সর্বোপরি সামাজিক পর্যায়ের তথ্য অসমতার বিষয়গুলোকে অনুধাবন করতে হবে। সেজন্যই নারী উন্নয়ন আমাদের সবার সামাজিক চিন্তাভাবনা, অবস্থা ও অবস্থান, ভাষার ব্যবহার ইত্যাদির পরিবর্তন ও সংযোজিত করতে হবে।

বেগম রোকেয়া নারীকে তার আমলে শুনিয়েছিলেন ‘সুবেহ সাদিকের’ আহ্বান। তারপর গড়িয়েছে অনেক সময়। কিন্তু নারীর কি উত্তরণ ঘটেছে? এ যুগের নারীরা পড়াশোনায় এগিয়ে এসেছেন। অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। যদিও তা সমাজের মুষ্টিমেয় সুবিধাপ্রাপ্ত অংশের জন্যই। সত্য তবু বলতে হয়, এ শিক্ষিত নারী কতটুকু স্বাধীন? তাদের এ অচলায়তন থেকে বেরিয়ে আসার পথটির সন্ধান পুরুষ দেবেন না। নারী সমাজকেই নিজেদের পথ খুঁজে বের করতে হবে। নারী সমাজকে সুশিক্ষার আলোকে উদ্ভাসিত হতে হবে। আর যে কাজটি করা সর্বাগ্রে প্রয়োজন; সেটি হলো বিদ্যমান সমাজে আগামী দিনের নারীরা প্রথমে হবে সম্পূর্ণ মানুষ তারপর হবে জীবনমান উন্নয়নকারী নারী। কাঠামো পরিবর্তন করার প্রতিক্রিয়াশীল বৈষম্যপূর্ণ সমাজ পরিবর্তনে নারীদের ভেতরে-বাইরে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সমাজ পরিবর্তনের গাড়ির দুটো চাকাই হতে হবে সক্রিয়। তা না হলে আন্দোলন কখনো সম্ভব নয়। ফিদেল ক্যাস্ট্রো নারীর মুক্তি আন্দোলনকে দেখেছেন বিপ্লবের মাধ্যমে বিপ্লব হিসেবে। এ ক্ষেত্রে সমাজ পরিবর্তনের স্বাপ্নিক সব যোদ্ধাকে নারীর প্রতি বাড়িয়ে দিতে হবে সহযোদ্ধার হাত। আর এভাবেই নারীর ‘খিড়কি থেকে সদর দুয়ারের’ সীমানা ঘুচবে।