আরও পাঁচ আসনে ভোটে কারচুপির অভিযোগে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে আরও পাঁচটি আসনে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নয়টি আসনে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে নয়জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছেন।

হাইকোর্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। দুটি আবেদনের ওপর শুনানি নির্ধারিত রয়েছে রোববার (১ মার্চ)। বাকি তিনটি আবেদন এখনো আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী দায়ের করা এসব নির্বাচনী আবেদনের শুনানির জন্য হাইকোর্ট বিভাগে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চে এসব মামলার শুনানি চলছে।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (২০০১ সালের সংশোধনীসহ) অনুযায়ী দায়ের হওয়া নির্বাচনী আবেদন, রুল ও সংশ্লিষ্ট বিষয়ে এই বেঞ্চ শুনানি গ্রহণ করবেন।

শুনানির জন্য গ্রহণ করা চারটি আবেদন হলো—শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ ।

আবেদনকারীরা হলেন—শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ, গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার ।

জামায়াতে ইসলামীর তিন প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী।

শেরপুর-১ আসনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে করা আবেদনের শুনানি আগামী ২০ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। এ সময়ের মধ্যে বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্ট বিবাদীদের নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনের তিনটি আবেদনের শুনানি আগামী ৩ মে ও ১০ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালত।

আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জানান, আদালতে উপস্থাপিত ফলাফল শিটে একাধিক গুরুতর অসংগতি পাওয়া গেছে। কোথাও নির্বাচন কমিশনের সিল নেই, আবার কোথাও পেন্সিল দিয়ে লেখা রয়েছে, যা নিয়মবহির্ভূত। কেন্দ্রের নাম ও নম্বর না থাকা এবং একই কেন্দ্রের ভিন্ন ভিন্ন ফলাফল শিট পাওয়ার বিষয়টিও আদালতের নজরে আনা হয়। এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত আবেদনগুলো গ্রহণ করেছেন।

এদিকে রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের করা পৃথক আবেদন রোববারের কার্যতালিকায় রয়েছে। তবে মোট নয়টি আবেদনের মধ্যে বাকি তিনটি আবেদন কারা করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।