
শিক্ষা ডেস্ক:
ভুল করে প্রশ্নপত্রের খাম খুলে ফেলায় চলমান ঢাকা ও যশোর বোর্ডের ফিন্যান্স,ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৯ এপ্রিলের পরিবর্তে আগামী ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। তবে অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিল সকাল ১০টায় পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো নেওয়া হবে। রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ফরিদপুর ও খুলনায় দুটি কেন্দ্রে ভুল করে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের প্রশ্নের খাম খুলে ফেলা হয়। এ কারণে ঢাকা ও যশোর বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। যা ২৯ এপ্রিলের পরিবর্তে আগামী ৭ মে বিকাল ২টায় নেওয়া হবে।
অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিল সকাল ১০টায় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রসহ পূর্বনির্ধারিত অন্যান্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে সোমবার অনুষ্ঠেয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের ফয়েল খাম কেটে ফেলায় এবং খুলনার পাইকগাছার কপিলমুনি কেন্দ্রে এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় ঢাকা ও যশোর বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
২৯ এপ্রিল সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র (ডিআইবিএস) এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
