
দেশবাংলা ডেস্ক
দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে সন্তানদের কোলে ফিরেছেন সৌদি আরব ফেরত মৌলভীবাজারের বড়লেখার সেই রিজিয়া বেগম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উত্তরার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে ১৩ দিনের আশ্রয় শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দরে অসংলগ্ন ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধারের পর পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। রিজিয়ার ফিরে আসার আনন্দের দিনেই সৌদি আরব ফেরত আরেক নারীর লোমহর্ষক নির্যাতনের বর্ণনা প্রবাসে নারী কর্মীদের চরম নিরাপত্তাহীনতার চিত্র আবারও সামনে এনেছে।
মঙ্গলবার উত্তরায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রিজিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ব্র্যাক জানিয়েছে, রিজিয়ার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। তিনি কোনো কথাও বলছেন না। ফলে তার পরিবার খুঁজে পেতে নানা প্রচেষ্টা চলছিল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা অঞ্চলের পুলিশ সুপার রেশমা শারমিন ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন যে তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মামদনগর গ্রামে। এরপর ব্র্যাক ওই গ্রামে গিয়ে পরিবারটিকে খুঁজে বের করে।
পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এনায়েত হোসেন মান্নান, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ভুঞা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের ইনচার্জ শরিফুল ইসলাম এবং সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) কর্মকর্তা মাহবুব আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনায়েত হোসেন মান্নান বলেন, অপরাধী শনাক্তকরণে পিবিআই কাজ করলেও দেশের বাইরে থেকে আসা ক্ষতিগ্রস্ত নারী কর্মীদের পরিচয় শনাক্তকরণে পিবিআই এই প্রথম কাজ করলো। ভবিষ্যতেও এমন পরিস্থিতিতে পিবিআই ভুক্তভোগীদের পাশে থাকবে এবং যাদের কারণে বিদেশে নারীদের এমন দুর্ভোগে পড়তে হয় সেই পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরা রিমা বা রিজিয়ার মতো নারীদের দুর্দশা দেখার কেউ নেই। নিপীড়নের পর বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু যাদের কারণে এই দশা তাদের কোনো বিচার হয় না। আবার দেশে ফেরত আসলেও বিমানবন্দরে কোনো এসওপি না থাকায় এমন নারীদের নিয়ে কোনো দপ্তর কী করবেন, বুঝে উঠতে পারবেন না। সৌদি ফেরত নারীদের এমন অসহায়ত্বের ঘটনাগুলো আমাদের ভীষণ বেদনার্ত করে। এগুলো বন্ধ করতে হবে। আর ফেরত আসা এমন নারীদের সহায়তায় এই রাষ্ট্র, সরকার এবং সবাই মিলে আমাদের একটি কাঠামো গড়ে তুলতেই হবে।
গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। এভসেক কর্মকর্তা বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহবুব আলম অনুষ্ঠানে জানান, ওই সময় তার শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন ছিল এবং তিনি নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছিলেন না। তখন সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ আশ্রয় ও পরিবারের সন্ধানের উদ্দেশ্যে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন। দীর্ঘ প্রক্রিয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে দেখাটা ভীষণ স্বস্তির।
