শেখ হাসিনাসহ ৬ আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে’ নয় তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ মামলায় শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত অন্যরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ভবনটির নাম ছিল ‘তাজ মঞ্জিল’। তবে আকৃতির কারণে স্থানীয়দের কাছে এটি ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে সংবাদমাধ্যমেও ব্যবহৃত হয়।

অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সেখানে নয়জন সন্দেহভাজন ‘জঙ্গি’ নিহত হয়েছেন। হাসান নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন এবং আরেকজন পালিয়ে যান। নিহত ও আটক সবাই নব্য জেএমবির সদস্য বলে দাবি করা হয়।

পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়, যা বর্তমানে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কল্যাণপুরের ওই ঘটনার ভিন্ন বর্ণনা সামনে আসতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত বছরের ৬ মার্চ ‘জঙ্গি নাটক সাজিয়ে’ নয় তরুণকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।