
ইফতারের সময় যত ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড়ে ততই মুখর হয়ে উঠছে রাজধানীর মুগদা এলাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মুগদা এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের অস্থায়ী দোকান থেকে শুরু করে নামিদামি রেস্তোরাঁ সবখানেই পরিবারের জন্য ইফতার কিনতে ভিড় করছেন ক্রেতারা।
এসব এলাকায় দেখা যায়, ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে ভিড় কিছুটা কম থাকলেও ইফতারের দোকানগুলোতে ক্রেতার কমতি নেই। বিকেল তিনটার পর থেকেই শুরু হয় ব্যস্ততা। স্টলগুলোতে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে খেজুর, ফলের চাট, ছোলা ভুনা, হালিম, তেহারি ও জিলাপি। অনেক দোকানে বোতলজাত শরবত, বোরহানি ও ফ্রেশ জুসের জন্য আলাদা কাউন্টার দেখা গেছে। পাশাপাশি রাস্তার ফুটপাতেও বসেছে হরেক রকমের ইফতারের আয়োজন।
