
আসন্ন শবে বরাত ও রমজানকে কেন্দ্র করে এরই মধ্যে বাজারে সিন্ডিকেট ও সরবরাহকারীদের কারসাজির অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মালিবাগ ও শান্তিনগর বাজারসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি এখন ৬০ টাকার নিচে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০–৪০ টাকা এবং প্রকারভেদে শিম ৩০–৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। কুমড়া, মুলা, পেঁপে, শালগম ও ব্রকলির দামও বেশ সহনীয়। সবচেয়ে বেশি স্বস্তি মিলেছে আলুতে; কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি আলু এখন ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
শান্তিনগর কাঁচা বাজারের ব্যবসায়ী রাজন বলেন, শীতের সবজি এখন সহনীয় দামেই বিক্রি হচ্ছে। সরবরাহ ভালো থাকায় দামও বেশ সহনীয়। যদিও শসা ও কাঁচা মরিচের দাম একটু বাড়তি। সামনে রোজা তো এই কারণেই।
সবজিতে স্বস্তি থাকলেও মুরগি ও গরুর মাংসের বাজার বেশ চড়া। জানুয়ারির শুরুতে ১৬০-১৭০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন ১৮০ থেকে ১৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। গরুর মাংসের কেজি এলাকাভেদে ৮০০ টাকার ওপরে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কৃত্রিমভাবে এই দাম বাড়ানো হয়েছে।
এছাড়া মানভেদে প্রতিকেজি আদা ও রসুন ১৪০-২২০ টাকায়, চিনি ৯৮-১০৫ টাকায়, পেঁয়াজ ৫০-৭০ টাকায়, ছোলা ৮০-১০০ টাকায়, মানভেদে মশুর ডাল ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ বাজারের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকলেও ক্রেতারা বলছেন, চাল, ডাল এবং তেলের মতো নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।
