রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় আহত ২

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক মুদি দোকানদার এবং ছুরিকাঘাতে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

এর মধ্যে মিরপুর পল্লবীতে গুলিতে আহত হয়েছেন মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) এবং খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত হয়েছেন মো. লিটন (২৮)। দুটি ঘটনাতেই ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে রাজধানীর পৃথক স্থানে এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর সেকশনের ই ব্লকে। বাড়ির নিচতলায় তার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদি দোকান রয়েছে এবং সেখানেই দীপু কাজ করেন। ভোর সাড়ে ৫টার দিকে দীপু সিগারেট খাওয়ার জন্য বাসার সামনে রাস্তায় বের হন।

দীপুর শ্যালক শুভ জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ চিৎকার শুনে তারা রাস্তায় নেমে দেখেন দীপু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানা যায়, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দীপুর বাম পায়ে গুলি লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।

আহত দীপু জানান, বাসার সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় কিছু দূরে একটি মোটরসাইকেল এসে থামে। তাতে থাকা ২–৩ জন তার কাছে আসে। কাছে এসেই একজন ছুরি বের করে তার কাছে থাকা সবকিছু দিতে বলে। এরপর তারা পকেট থেকে মানিব্যাগ ছিনিয়ে নেয়। ফোন ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ধস্তাধস্তি হয় এবং তখনই পেছন থেকে একজন তাকে গুলি করে। মানিব্যাগে তার শ্যালকের বিয়ের কেনাকাটার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা সেই টাকা নিয়ে পালিয়ে গেছে।

অন্যদিকে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। লিটনের বাড়ি দিনাজপুরে। কিছুদিন আগে তিনি গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতে গ্রাম থেকে কাজে ফিরছিলেন তিনি। ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নেমে রেললাইনের পাশে গেলে তিনজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ছুরি ঠেকিয়ে তার ব্যাগ ও পকেট তল্লাশি শুরু করে।

বাধা দিতে গেলে বাম কাঁধে পরপর তিনটি ছুরিকাঘাত করে তারা। এরপর তার কাছ থেকে ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দীপুর বাম পায়ে গুলিবিদ্ধ হওয়ার ক্ষত রয়েছে এবং লিটনের বাম কাঁধে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।