বিপিওতে কাজ শুদ্ধ উচ্চারণ পারলেই

শুদ্ধভাবে বাংলা বা ইংরেজি উচ্চারণ করতে পারলেই বিজনেস প্রসেস আউটসোর্স বা বিপিও খাতে কাজ করা যায় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। একইসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, বিপিও খাতে মিলিয়ন সংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ আছে।
সোমবার (২২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চলমান দুই দিনব্যাপী বিপিও সামিট-২০১৯ এর শেষদিনের সেমিনারে এ কথা জানান মোস্তাফা জব্বার।
আউটসোর্সিং টেলিকমিউনিকেশন সার্ভিসেস শীর্ষক এই সেমিনারে মন্ত্রী বলেন, বিপিও খাতে কাজ করতে হলে পিএইচডি বা মাস্টার্স ডিগ্রিধারী হওয়া লাগে না। শুদ্ধভাবে বাংলা বা ইংরেজি বলতে পারলেই বিপিওতে কাজ করা যায়। আঞ্চলিক ভাষা ছাড়া শুদ্ধভাবে কথা বলতে পারে এমন লোকদের এই খাতে অনেক চাহিদা রয়েছে। অন্তত এক থেকে দুই মিলিয়ন তরুণের কর্মসংস্থান তৈরি করা সম্ভব এই খাতে।
দেশের সব প্রান্তে রাজধানীর মতো দামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে দাবি করে মোস্তাফা জব্বার বলেন, দেশের সব প্রান্তে একই রেটে ইন্টারনেটসেবা পৌঁছে দিতে চাই আমরা। আমি তেতুলিয়াতে জন্মগ্রহণ করেছি, এটা আমার অপরাধ না। আমি বাংলাদেশের নাগরিক। তাই ঢাকায় একজন যে দামে ইন্টারনেট পায়, সেই দামে সেখানেও ইন্টারনেট দিতে চাই আমরা। তবে এটা সত্য যে, ফাইবার অপটিক দূরবর্তী এলাকায় নিয়ে যেতে ব্যয় বাড়ে। তবে দ্রুত আমরা সেগুলো সমন্বয় করছি। সামনে এমন দিন আসছে, যখন দুর্গম এলাকায় কেউ ঘরে বসেই বিপিওর কাজ করতে পারবে। এর জন্য আমরা দেশব্যাপী ফাইবার অপটিক্স নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি ফাইভ-জি নিয়ে কাজ করছি।