
মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত গণমাধ্যম সম্মিলন ২০২৬-এ তাদের ভাবনা তুলে ধরেন। গণমাধ্যম সম্মিলনে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশক, সম্পাদক, সাংবাদিকরা। এতে সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএইজ’র সম্পাদক নুরুল কবীর। তিনি বলেন, সমাজে ভিন্নমত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্ন ভিন্নভাবে মানুষ কথা বলবে এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মনে রেখে আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি। আমরা আশা করি, আপনাদের যা যা চিন্তা-ভাবনা সেগুলো একসঙ্গে করে সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো।
নুরুল কবীর বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনই গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতাই একমাত্র প্রতিষ্ঠান, যা সরকারকে সত্য কথা বলতে পারে। একটা সরকার সত্যিকার অর্থে যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে, সেই উদারপন্থি দৃষ্টিভঙ্গি রাখে, তাহলে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে।
সরকারের উদ্দেশে মাহফুজ আনাম বলেন, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে এবং সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হলো একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে।
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এই যে ঐক্য থাকা, ঐক্যবদ্ধ থাকা, একত্রিত হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সম্মতি-সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনও কারণ নাই যে আগামী নির্বাচিত সরকার আসলেই আমাদের সবকিছু আমরা পেয়ে যাবো। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে এদের ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সঙ্গে, সতর্কতার সঙ্গে আমাদের ভাবতে হবে। আর আবারও বলি, ঐক্য-সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদের মানতে হবে।
নারী সাংবাদিক কেন্দ্রের সহ-সভাপতি মুনিমা সুলতানা বলেন, ‘আমাদের হাউজগুলোর মধ্যেই বিভিন্ন সমস্যা। সেই হাউসগুলোকে যদি আমরা একটু ছোট ছোট করে যদি আমরা তৈরি করতে পারি, আমাদের পেশাদারত্ব যে জায়গাটা, সহানুভূতি সমমর্মিতা এই শব্দগুলো আসলে আমাদের পেশাদারীর মধ্যে নাই। রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে আমরা আসলে বের হয়ে আসার জায়গাটা আমাদের তৈরি হওয়ার দরকার। পেশাদারত্ব জায়গাগুলোকে আমাদের তৈরি করতে হবে, আমাদের নারীর রিপ্রেজেন্টেশন দরকার, এটা যদি হয় সেখানে জাতি-বর্ণ সবার রিপ্রেজেন্টেশন দরকার। তো তাদের ভয়েস যদি থাকতে হয়, আমরা বলি সমাজকে পরিবর্তন করবো। কিন্তু সমাজে পরিবর্তনের জন্য আমাদের তাদের ভয়েসটাও আমাদের ভাবতে হবে।
চট্টগ্রামভিত্তিক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, ‘প্রকৃত সাংবাদিকতার পথ রুদ্ধ হলে তথ্যের শূন্যস্থান তৈরি হয়। আর এই শূন্যস্থান দখল করে নেয় ফেক নিউজ বা ভুয়া সংবাদ, যা মানুষকে বিভ্রান্ত করে, সমাজে অস্থিরতা বাড়ায়। এই পরিস্থিতি কখনও মঙ্গল বয়ে আনে না, কখনও আনেনি।’
তিনি বলেন, ‘আমরা যারা আজ এখানে সমবেত হয়েছি, আমরা কারও বিরুদ্ধে নই। আমরা শুধু সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথটা মুক্ত রাখার আহ্বান জানাতে এসেছি। দায়িত্বশীল গণমাধ্যম যে ভয়হীন পরিবেশে, কোনও বাধা ছাড়াই চলতে পারে—সে আবেদন নিয়ে এসেছি। সেই দাবি জানাতে এসেছি।’
গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, ‘সাংবাদিকদের মর্যাদা অনেক ক্ষেত্রেই দেওয়া হয় না বা তারা পায় না। এই যে সাংবাদিকদের মানে মূল্যায়নের যে প্রশ্নটা সে অবমূল্যায়নের প্রশ্নটা কেন? অনেক ক্ষেত্রেই আমাদের ওই যে সাংবাদিকতার মানটা বজায় রাখার প্রশ্নে আপোষ হচ্ছে বা মানটা রক্ষা করা যাচ্ছে না। এটা রক্ষা করতে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমাদের দূর করতে হবে।’
তিনি বলেন, ‘সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই। সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন, ওই আইনটা হবে। কিন্তু সে আইনটা হয়নি এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করবো যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক গণমাধ্যমকর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে— এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি।’
যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেন, ‘আপনাদের যখন দালাল বলা হয়, আমার দুঃখ লাগে এবং বলবেই না কেন! যারা ছিল কয়দিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা সবাই হয়ে গেলো এখন বিএনপির পক্ষে, এটা একটা অদ্ভুত নাকি এটা ম্যাজিক। এই ম্যাজিক কেনও আপনার পাল্লায় পড়েছেন, এই ম্যাজিক আপনি করবেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না বরং কমছে।’
তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সাংবাদিকতা এখনও বাংলাদেশে সম্মানজনক পেশা হয়ে ওঠেনি। সাংবাদিকরা বর্তমানে যে অবস্থানে আছেন, তা সম্মানজনক নয়। অথচ তাদের সম্মানজনক অবস্থানে পৌঁছানো অত্যন্ত জরুরি।’
শফিক রেহমান আরও বলেন, ‘সাংবাদিকদের প্রতি আমার একটি পরামর্শ আপনারা একটি বিকল্প ব্যবস্থা করে রাখুন।
