বিছানাকান্দি স্বর্গের এক প্রতিচ্ছবি

দেশবাংলা ডেস্ক :

যান্ত্রিক শহরে জীবনের তাগিদে সেই সকাল থেকে রাত অবধি আমাদের ছুটে চলতে হয়। যান্ত্রিকতার কারণে যেন দম ফেলারও একটু সময় নেই। আর এই যান্ত্রিক জীবনে একটু এক অন্যরকম স্বাদ এনে দিতে পারে ঘুড়তে যাওয়া। তাই যারা একটু আনন্দের খোঁজে কোথাও ঘুড়তে যাওয়ার প্লান করছেন কিন্তু কোথায় যাবেন তা বুঝতে পারছেন না, তারা চলে যেতে পারেন বিছানাকান্দি।
মাথার উপরে নীল আকাশ আর নিচে স্বচ্ছ পানির জলধারা।আর চারদিকে বিস্তৃত সবুজ পাহাড়।এ যেন স্বর্গের এক প্রতিচ্ছবি। দেখলেই মনে হবে এখানে মেঘ, পাহাড় আর জলধারার মিতালী মিলে তৈরি হয়েছে এক নিপুণ ছবি।আর এজন্যই সিলেটের স্বর্গ বলা হয়ে বিছানাকান্দিকে।
বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা সিলেট। আর এই সিলেটেই অবস্থিত বিছানাকান্দি। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। দুরত্ব প্রায় ৬২ কিলোমিটার।হয়। সিএনজি কিংবা মাইক্রোবাস ভাড়া করে এখানে আসতে পারেন।আসার সময় রাস্তায় দুধারের প্রাকৃতিক দৃশ্য আমাদের মন ভুলিয়ে দিবে। কখনো চা বাগান কিংবা কখনো অপূর্ব সুন্দর সবুজ পাহাড় নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গোয়াইনঘাট উপজেলার হাঁদারপাড়া নামক স্থান থেকে বিছানাকান্দি যেতে হবে নৌকার করে। সময় লাগবে ২০ থেকে ২৫ মিনিট এবং নৌকাভাড়ায় খরচ হবে ৮০০ থেকে ১০০০ টাকার মত। ইচ্ছে করলে শুকনো মৌসুমে আপনি হেঁটেই বিছানাকান্দি চলে আসতে পারেন। এক্ষেত্রে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগবে।
নৌকায় করে বিছানাকান্দি আসার পথ অসম্ভব সুন্দর।স্বচ্ছ আর ঠান্ডা পানি ঠেলে এঁকেবেঁকে এগিয়ে চলে নৌকা। যা আমাদের মনে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। বিছানাকান্দির পানির নীচে শত শ্ত পাথর যেন অদ্ভুদ সুন্দর ভাবে বিছানো রয়েছে। নানান রঙের, নানান আকারের এই পাথর দেখে মনে হতেই পারে এ যেন এক পাথরের রাজ্য। উপরে নীলাকাশ আর নিচে স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিলে পুরো শরীরটাই যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে যায়।
এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। থরে থরে সাজানো পাথরের উপর দিয়ে বয়ে চলে বাংলাদেশ সীমান্তে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানির স্রোত। তবে বিছানাকান্দি ঘোরার উত্তম সময় হচ্ছে বর্ষাকাল। তখন পানির প্রবাহ থাকে এবং এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। সবুজ পাহাড় আর পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির স্রোতের এক অপরূপ মিলনমেলা। যতদূর চোখ যায় শুধু স্বচ্ছ পানি, পাথর আর পাহাড়। এর অভাবণীয় সৌন্দর্য যেকোন মানুষকে মুগ্ধ করবে।
সিলেট শহর থেকে বিছানাকান্দিতে দিনে গিয়ে দিনে ফেরা যায়। তাই সিলেট শহরেই থাকতে পারেন। এখানকার হোটেল ভাড়া পড়বে ৩০০ থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। এছাড়া নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোতেও রাত কাটাতে পারেন।এ জন্য পূর্ব অনুমতি থাকতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রুম প্রতি ভাড়া ৫০০ টাকা আর সাধারণের জন্য ১৫০০ টাকা।
সতর্কতাঃ
যেহেতু বিছানাকান্দি একটি পাথুরে এলাকা তাই চলাফেরার ক্ষেত্রে অনেক সাবধান থাকতে হবে। বিছানাকান্দিতে খাবারের দোকান নেই। তাই হাঁদারপাড়া থেকে খাবার খেয়ে আসতে পারেন বা প্যাক করে নিয়ে আসতে পারেন। এর পানিতে নোংরা কোনো কিছু না ফেলে এর সৌন্দর্য রক্ষা করতে হবে। যেহেতু এটি একটি বর্ডার এলাকা তাই ভারতের সীমানা অতিক্রম করা যাবে না।