
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই তাদের মিশন শুরু করেছে। দলের হয়ে একটি করে গোল করেন সিরাত জাহান স্বপ্না এবং কৃষ্ণা রানী সরকার।

গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে আরব আমিরাতকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। চেনা প্রতিপক্ষকেই প্রথম পরীক্ষায় পেয়েছিল মৌসুমীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ছিল বাংলাদেশের মেয়েরা। ১৩ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আঁখি খাতুনের লম্বা পাস ধরে ভেতরে ঢুকে প্লেসিংয়ে গোল করেন স্বপ্না। এরপর ম্যাচের ১৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি স্বপ্না। ২০ মিনিটে একা একা গোল দিতে গিয়ে সুযোগ নষ্ট করলেন শামসুন্নাহার।
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। মারিয়ার কর্নার থেকে কৃষ্ণার হেড জড়িয়ে যায় আরব আমিরাতের জালে।

৬ জাতির এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভপাতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বঙ্গমাতা গোল্ডকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ৩ মে হবে ফাইনাল।
বাংলাদেশ : রূপনা চাকমা, শিউলী আজিম, শামসুন্নাহার, আঁখী খাতুন, নার্গিস খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মিশরাত জাহান মৌসুমী (অধিনায়ক), সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রাণী সরকার।
আরব আমিরাত : আয়া ওয়ালিদ মালাল্লা, গুলাম আল মারজুকি, খালিদ আলজারকান, ফাতিমা, আলী হাবিব আলনুবি, রাওয়ান আব্দুল্লাহ আল হাম্মাদী, আল জাকরান, ইদা জামাল, সালামা বিন ফাহাদ, সারাহ সামিহ আল বøুসি, নাজলা এশা আলীসা ও সেনদিায়া গরিব আল মাজরুই।
রেফারি : চাইনাসানিত পানাস (থাইল্যান্ড)।
