বিশ্বের বুকে মেয়েরা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।


রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টতে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,ক্রীড়া ক্ষেত্রে আমাদের মেয়েরা ভালো করছে। বিশ্বের বুকে বাংলাদেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছে।নৈপুণ্যের স্বাক্ষর রেখে বিশ্ব ফুটবলে মেয়েরা বাংলাদেশকে পরিচিত করে তুলবে।এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের সফলতা অন্য মেয়েদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহীয়সী নারী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।বঙ্গমাতার নামে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিশেষভাবে অভিনন্দনযোগ্য।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার ঢাকায় শুরু হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবারই প্রথম এ ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে বঙ্গমাতার নামে। বাংলাদেশসহ ছয়টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের ‘এ’গ্রুপে রয়েছে লাওস, তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। ‘বি’গ্রুপে রয়েছে বাংলাদেশ, আরব আমিরাত ও কিরগিজস্তান। ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ২৯ ও ৩০ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। ৩ মে হবে ফাইনাল। টুর্নামেন্টের খেলাগুলো প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে।