যুবদল নেতা হত্যা: সুব্রত বাইনের মেয়ে ৫ দিনের রিমান্ডে

যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন।

গত ১৬ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে সেদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানির জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সে অনুযায়ী আজ তাকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়। শুনানিকালে আসামি বিথী বলেন, গত ১৫ ডিসেম্বরের আগ পর্যন্ত বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমার ভাই নাই, ফ্যামিলির তেমন কেউ নাই। আমি বাবার সঙ্গে দেখা করেছি, এটা কি আমার অপরাধ?

এসময় আসামিপক্ষে আইনজীবী বাদল মিয়া রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়।

মামলা নথি থেকে জানা যায়, নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক। গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে আরিফকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের নামে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।