
বাফুফে ভবনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপে স্বাগতিক বাংলাদেশ শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে।
দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন জানান,সাফ চ্যাম্পিয়নশীপে যে ভুলগুলো করেছিল মেয়েরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। স্বাগতিক দল বলে কোনো চাপ নয়, জেতার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেয়েরা।তবে ছোটন আরো জানান,ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলবে তার দল।
অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী বলেন,সাফ ফুটবলে আমাদের কিছু ভুল-ত্রুটি ছিল, যে কারণে ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে। এবার আমরা সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি। দলের অবস্থা বেশ ভালো। প্রধানমন্ত্রীর মায়ের নামে এই টুর্নামেন্টে আমরা শিরোপা জিততে চাই।
নারী ফুটবল দলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান,আশা করছি বাংলাদেশ দল এই টুর্নামেন্টে ভালো ফলাফল করবে। দর্শক-সমর্থকদের প্রতি অনুরোধ আপনারা মাঠে এসে খেলা দেখুন, আমাদের মেয়েদেরকে সাপোর্ট করুন।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে,আগামী সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ছয় জাতির এই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের কিশোরীরা। শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ কিরগিজস্তান।২৯ ও ৩০ এপ্রিল ফাইনালের পর আগামী ৩ মে হবে প্রতিযোগিতার ফাইনাল খেলা।
