গর্ভাবস্থায় তিন মাস যা খাবেন না

দেশবাংলা ডেস্ক :

মা হতে চলেছেন? আর কয়েকটি মাস পরেই ছোট সন্তানটিকে পাবেন আপনার কোলে। তাই নিজেকে ও সন্তানকে সুস্থ রাখতে কিছু খাবার আছে যা একেবারেই খাওয়া যাবে না। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস কিছু খাবার না খাওয়াই ভাল, সেগুলো কি কি জেনে নিন।
গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের সতর্কতা
কাঁচা ডিম বা আধসেদ্ধ ডিম গর্ভাবস্থায় খাবেন না। কাঁচা ডিমে সালমনেল্লা ভাইরাসের সংক্রমণ হলে, সেই ডিম খেয়ে মায়ের ডায়েরিয়া, ফুড পয়েজনিং, জ্বর, বমি, মাথা ঘোরা বা পেটে ব্যথা হতে পারে। কাঁচা ডিম যেমন খাবেন না, তেমনি যেসব খাবারে কাঁচা ডিম মেশানো থাকে, সেগুলোও খাবেন না। মেয়োনিজ, কাস্টার্ড বা কোনো স্যালাড অন্য খাবারে ব্যবহার না করাই ভাল কারণ এগুলোতে কাঁচা ডিম মেশানো থাকে।
বাইরে দোকানের রান্না হওয়া চিংড়ি মাছ খাবেন না। স্বাদ ও গন্ধ বজায় রাখার জন্য এসব জায়গায় চিংড়ি মাছ ভাল করে সেদ্ধ করা হয় না বা ঠিকমতো পরিষ্কার করাও হয় না। চিংড়ি মাছ প্রোটিন ও ওমেগা ৩-র ভাল উৎস। কিন্তু আধসেদ্ধ চিংড়ি মাছ হবু মাকে পেটের সমস্যায় ফেলতে পারে। এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছ অর্ধেক রান্না করে খেলে লিস্টেরিয়া নামক ব্যাকটেরিয়ার প্রভাবে রক্ত দূষিত হয়ে যেতে পারে ও গর্ভস্থ শিশুর ক্ষতি হয়।
গর্ভাবস্থায় আধসেদ্ধ মাংস খাওয়া একেবারেই উচিত নয়। এতে এর মধ্যে থাকা সালমনেল্লা, ই কোলাই ইত্যাদি মাইক্রোঅর্গানিজম নষ্ট হয় না এবং মারাত্মক ফুড পয়েজনিং হতে পারে।
এসময় কাঁচা সবজি খাবেন না। কাঁচা সবজিতে বিভিন্ন পরজীবী ব্যাকটেরিয়া থাকে, যা আপনার এবং গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে।
আনারস সুস্বাদু ফল। যা খুবই কম পরিমানে এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। আনারসের ব্রোমিলিন গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং নির্দিষ্ট সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে। প্রথম তিন মাস এই ফলটি না খাওয়াই ভাল।
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে একেবারেই খাবেন না। কাঁচা পেঁপের পেপ্সিন ও প্যাপাইন ভ্রূণের ক্ষতি করে। আবার পেঁপের ল্যাটেক্স গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
মৌরি বা মেথি দানা বেশি খেলে নির্দিষ্ট সময়ের আগে প্রসবের সম্ভাবনা বেড়ে যায় এবং প্রি-ম্যাচিওর বাচ্চার জন্ম হয়। রান্না করার সময়, অল্প পরিমান মসলা হিসেবে ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রত্যেকদিন অতিরিক্ত পরিমানে মৌরি বা মেথি খাবেন না।
আনপাস্তুরাইজড দুধে অনেক রকম ক্ষতিকর মাইক্রোবস থাকতে পারে যা আপনার ও গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে। দুধ অবশ্যই খাবেন তবে খাওয়ার আগে ভাল করে ফুটিয়ে খান।
গর্ভাবস্থার কোনো সময়ই মদ্য পান বা অ্যালকোহল খাবেন না। অ্যালকোহল মায়ের রক্ত থেকে গর্ভস্থ শিশুর রক্তে চলে যায় এবং শিশুর মস্তিস্ক ও শিরদাঁড়ার ক্ষতি করতে পারে। অতিরিক্ত অ্যালকোহল নিলে গর্ভপাত হয়ে যেতে পারে বা মৃত শিশুর জন্ম হতে পারে। এছাড়াও এসময় অতিরিক্ত তেল মসলা দেয়া খাবার খাবেন না বা বেশি ভাজাভুজি খাবেন না। সহজপাচ্য খাবার খেলে শরীর সুস্থ থাকবে।