ফের সচল ভারতীয় টিভি চ্যানেল

কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাংলাদেশে ভারতের জি বাংলাসহ জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২৪ ঘণ্টা পার হতে না হতেই হঠাৎ আবার চালু হয়েছে এসব চ্যানেল। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।
এর আগে গতকাল মঙ্গলবার আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানিয়েছিলেন, শুধু ভারতের জি নেটওয়ার্কভুক্ত চ্যানেল না, কিছুদিনের মধ্যে বিশ্বের আরও যেসব দেশের চ্যানেল আছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে। সিএনএন, বিবিসিও বাদ যাবে না। কারণ, এসব চ্যানেলেও বিজ্ঞাপন প্রচারিত হয়। শুধু বাংলাদেশের চ্যানেল থাকবে। আমি তো বাংলাদেশের ৩০টা চ্যানেল দিয়ে ব্যবসা করতে পারব না। শুধু বাংলাদেশের চ্যানেল কোনো সাবস্ক্রাইবার দেখবে বলে মনে হয় না। আমার মনে হয়, ২ শতাংশ সাবস্ক্রাইবারও তখন থাকবে না। বাধ্য হয়ে তখন আমাকেও এই ব্যবসা বন্ধ করে দিতে হবে। ইউটিউব কেউ বন্ধ করতে পারবে? এসব সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এটা হঠকারী সিদ্ধান্ত।
কিন্তু আজ বুধবার ভোল পাল্টে উল্টো কথা জানালেন আনোয়ার পারভেজ। বললেন,ভারতের টিভি চ্যানেলগুলো বন্ধের সিদ্ধান্ত আসলে ছিল না। ভারত থেকে যারা চ্যানেলগুলো নিয়ন্ত্রণ করতেন, তারাই বন্ধ করেছিলেন, তারাই আবার চালু করেছেন। আমরা তো শুধু অপারেটর। তবে যা হয়েছে, এসবের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।
বুধবার বেলা ১১টার দিকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের সব চ্যানেল হঠাৎ চালু হয়ে যায়। এর আগে সোমবার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয় বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান। তবে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করার কোনো নির্দেশ দেয়া হয়নি।
জানা গেছে, সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সমপ্রচার বন্ধ করে দেয়।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সমপ্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছিল।