অসংক্রামক রোগের বিস্তার,স্বাস্থ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে

বিশেষ সংবাদদাতা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অসংক্রামক রোগের বিস্তার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার স্বাস্থ্যখাতের সুযোগ সুবিধাকে অসংক্রামক রোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বুধবার বিকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিল্লার এর সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবাকে অধিকতর আধুনিক ও সুলভ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এদেশের টিকাদান কর্মসূচি, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত। বাংলাদেশ আজ পোলিও ও ধনুষ্টংকার মুক্ত, যক্ষ্মা, কলেরা, ডায়ারিয়াও সরকার নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু অসংক্রামক রোগের বিস্তার বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তিনি বলেন, অসংক্রামক রোগের বিস্তারের কারণে দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্যান্সার ও কিডনী হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি প্রতিটি জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নেও সরকার উদ্যোগ নিতে চায়। স্বাস্থ্যসেবায় সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নে ভাতৃপ্রতীম দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে এখাতে সহায়তা আরো বাড়ানো দরকার।এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে অবহিত করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চলতি বছরই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন ১৫০টি শয্যা যোগ করা হবে। আগামীতে যা আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ক্যান্সার রোগের বিস্তার বাংলাদেশেও ব্যাপক। ক্যান্সার রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল বলে সরকারিভাবে প্রতিটি বিভাগে এর চিকিৎসা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাছাড়া সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার জনগণের মধ্যে জীবন যাপন ও খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।
জাহিদ মালেক বলেন, বিগত তিন মাস যাবত নিয়মিত কঠোর নজরদারি বাড়ানোর ফলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসা ও কর্মচারীদের উপস্থিতির হার বেড়েছে। তারপরও জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা অপ্রতুল। খুব শীঘ্রই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এই সংকট আরো কমানো হবে।
মন্ত্রী বলেন, যে কোনো দূর্যোগ পরবর্তী স্বাস্থ্য সমস্যা মোকাবেলায়ও দেশের স্বাস্থ্যখাত সম্পূর্ণ প্রস্তুত। সাম্প্রতিক সময়ে অগ্নিদগ্ধদের দ্রুত চিকিৎসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকায় একটি বৃহৎ বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে যা শীঘ্রই চালু হবে।