
জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই বলে দাবি করেছেন বিরোধীদলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে কোনো বিভেদ নেই। উনার যে কোনো সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন। সম্প্রতি জাপার বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুরে জাপার কাকরাইল কার্যালয়ের সামনে জাতীয় যুবসংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দীর্ঘদিন পর পার্টির সিনিয়র নেতারা একমঞ্চে উপস্থিত হোন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা কাকরাইল থেকে পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সমাবেশে এরশাদের মামলা প্রত্যাহার প্রসঙ্গে রওশন বলেন, এরশাদের বিরুদ্ধে সকল মামলা রাজনৈতিক। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে করে তিনি মাথা উচু করে রাজনীতি না করতে পারেন।
তিনি বলেন,বঙ্গবন্ধু দেশ গড়েছেন। চক্রান্তকারীদের কারণে কয়েকবছরের মাথায় তাকে জীবন দিতে হয়েছে। এরশাদের শাসনামলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে। তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উন্নয়নকে গ্রাম পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন।
সাবেক এই বিরোধীদলের নেতা বলেন,দেশে অধিক শিল্পায়ন না হলে কর্মসংস্থানের সুযোগ হবে না। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়ার বিষয়েও আমরা সংসদে কথা বলবো।
যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
