
রাজধানীর খিলগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. সাগর (২২) নামে এক যুবক খুন হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২ থেকে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরতর আহত অবস্থায় সাগর নামের ওই যুবককে উদ্ধার করে সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির (ইনচার্জ পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত সাগরের লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা অবগত রয়েছেন।
হাসপাতালে নিয়ে আসা নিহতের মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার জানিয়েছেন, আলিমুউদ্দিন নামে এক ব্যক্তি তার নিজের জমিতে বাউন্ডারি দিতে গেলে পাশের এলাকার লোকজন তাকে বাঁধা দেয়। তারা চলাচলের রাস্তার জন্য কিছু জমি ছাড়তে বলেন তাকে। কিন্তু আলিমুউদ্দিন তাদের বাঁধা উপেক্ষা করে বাউন্ডারি কাজ শেষ করেন।
যার জেরে গতকাল রাত ২ টা থেকে ৩ টার দিকে একদল লোক তাদের বাউন্ডারি ভাঙ্গা শুরু করে। পরে আলিমুউদ্দিন ও তার স্ত্রী তাদেরকে বাঁধা দিতে গেলে মারধরের শিকার হন তারা। পরে তারা আত্মীয় স্বজনদের খবর দেন। তখন আলিমের আত্মীয় সাগরসহ অনেকেই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এতে সাগর গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
