
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যা প্রশংসিত হয়েছে। তবে স্বার্থান্বেষী মহলের সমালোচনাও আছে। দেশের স্বার্থে এই উপদেষ্টা সমালোচনা আমলে না নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, সীমিত সময়ের মধ্যে এই সরকার হয়তো অনেক কাজ শেষ করে যেতে পারবে না, তবে শুরু করে দিয়ে যাবে। সাক্ষাৎকার নিয়েছেন খবরের কাগজের ডেপুটি বিজনেস এডিটর ফারজানা লাবনী।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দীর্ঘদিনের উপেক্ষার কারণে দেশের পরিবেশ সমস্যাগুলো অনেক দূর গড়িয়ে গেছে। স্বল্প মেয়াদের এই সরকারের পক্ষে সবকিছুর সমাধান দেওয়া সম্ভব হবে না। তবে আমি কাজ শুরু করে যেতে চাই। পরিবেশ মন্ত্রণালয়ের কাজ মূলত নিয়ন্ত্রণমূলক। এই মন্ত্রণালয় বা অধিদপ্তর আইন প্রয়োগের কাজটিই করে। আমি আইন প্রয়োগে দীর্ঘদিনের উদাসীনতা কমানোর কাজ শুরু করেছি। ২০০২ সাল থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগের প্রচলনের কাজ শুরু হয়েছে। মানুষের দীর্ঘদিনের অভ্যাস আর বিকল্পের প্রাপ্যতা বিবেচনায় আমরা শাস্তির পাশাপাশি সচেতনতা বাড়াতেও কাজ করছি। শব্দদূষণ কমাতে আমরা কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে আইনের কিছু সংশোধন লাগবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমরা অভিযান এবং সচেতনতা সৃষ্টি- দুই দিকেই কাজ করতে পারব। ঢাকা শহরের ২১ খাল উদ্ধার করে ব্লু নেটওয়ার্ক তৈরির প্রাথমিক কর্মপরিকল্পনা প্রায় চূড়ান্ত। দেশের ৬৪ জেলা থেকে একটি করে নদী নির্বাচন করে তা দখল-দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা আমরা জেলা প্রশাসকদের কাছ থেকে পেয়েছি। এবার এসব প্রস্তাব যাচাই-বাছাই করে অন্তত আট বিভাগের আটটি নদী ফিরিয়ে আনার কাজ শুরু করতে পারব বলে আশা করি। এই মুহূর্তের সবচেয়ে জটিল আর জনদুর্ভোগ সৃষ্টিকারী বায়ুদূষণ নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে। কর্মপরিকল্পনা চূড়ান্ত ও গেজেট প্রকাশিত হয়েছে। আশা করি আগামী বছর এসব দুর্ভোগ কম থাকবে, তবে নদী ও বায়ুদূষণ রোধে সময় লাগবে। আমরা সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ করছি। এ ছাড়া অন্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়েও বিভিন্ন জেলা প্রশাসকের সহায়তায় দখলকৃত বনের জায়গা উদ্ধার করছি, পাহাড় কাটা রোধে ব্যবস্থা নিচ্ছি, বালু ও পাথর তোলা নিয়ন্ত্রণ করছি। এরই মধ্যে আমরা ঢাকার পুকুর আর দেশের পাহাড়ের তালিকা চূড়ান্ত করেছি।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিশ্বের বসবাসযোগ্য নগরীর তালিকায় সবচেয়ে নিচে ঢাকার অবস্থান। এই নগরীর কোনো দর্শন নেই। ঢাকাকে বাঁচাতে শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সরকারের অনেক সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা স্থানীয় সরকার, সিটি করপোরেশন, রাজউক এবং ওয়াসার। ভাবা যায়, একটি নগরী মধ্যম আয়ের দেশে পরিণত হবে অথচ তার পয়োবর্জ্য ব্যবস্থাপনা আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এমন বেহাল? ঢাকাকে রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় সব সংস্থার সঙ্গে সহযোগিতা করবে। বায়ুদূষণ, শব্দদূষণ ও জলাশয় রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে ঢাকা থেকে দূষণকারী পুরোনো যানবাহন তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বায়ুদূষণ কমাতে একগুচ্ছ জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিজওয়ানা বলেন, অপপ্রচার নিয়ে মতামতের সুযোগ নেই, কিন্তু পর্যটন নিয়ন্ত্রণের সুফল স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা পেতে শুরু করেছেন। অনিয়ন্ত্রিত জাহাজমালিকরা নিয়ম মানছেন না, পর্যটকরা পলিথিন-প্লাস্টিক সামগ্রী নিচ্ছেন না, এগুলো বড় পরিবর্তন। জেলা প্রশাসকরা নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়েছেন, আর এসব কাজে প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে। এটি প্রণিধানযোগ্য অগ্রগতি বলে মনে করি। পরিবেশ আইন যে মানতে হবে, তার একটি বার্তা আমরা পৌঁছাতে পেরেছি।
সৈয়দা রিজওয়ানা বলেন, স্থানীয় পরিবেশ ইস্যুতে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তবে বৈশ্বিক ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তন মোকাবিলার রোধে তাদের ভূমিকা হতাশার। আন্তর্জাতিক সাহায্য পেতে আমরা আগ্রহী, উন্নয়ন সংস্থাগুলোও সাহায্য করতে আগ্রহী। তবে আমাদের আমলাতন্ত্র প্রকল্প অনুমোদনে যে সময় নেয়, তা উদ্বেগের।
তিনি বলেন, অতীতের সরকার সেই ভূমিকা রেখেছে, যা রাখলে সবচেয়ে দূষিত বাতাসের নগরী হওয়া যায় আর সবচেয়ে বসবাস অযোগ্য নগরীর অধিবাসী হওয়া যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমূল পরিবর্তন দরকার, যা একটি সীমিত সময়ের অন্তর্বর্তী সরকারের জন্য কষ্টসাধ্য। তবে আমরা পরিবর্তনের ধারা সূচনা করে দিয়ে যাব, যাতে পরবর্তী সরকার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। আমি মনে করি, পলিথিন দূষণ, বায়ু, নদী আর শব্দদূষণ প্রাধিকার।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে সড়ক ও পরিবেশ মন্ত্রণালয় এক হয়ে সিদ্ধান্ত দিয়েছে। আমরা আগামী মে মাসের মধ্যে সড়ক থেকে পুরোনো বাস-ট্রাক সরানোর নির্দেশ দিয়েছি। এর কিছু প্রায়োগিক দিক আছে, যেমন ১৪ হাজার যানবাহনের বিকল্প নিশ্চিত করা। আমরা সেই লক্ষ্যেও কাজ শুরু করেছি। প্রাধিকারের ক্ষেত্রগুলো ধরে কাজ শুরু করে দেওয়া এবং সব কাজে জনগণকে, বিশেষত তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা।
