রাজধানীর সবুজবাগ, রামপুরা ও খিলগাঁওয়ের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে টানা বৃষ্টিতে রাজধানীর সবুজবাগ, রামপুরা ও খিলগাঁওয়ের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ মে) বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দরা। অনেক এলাকায় দোকানপাটে পানি ঢুকেছে।

সবুজবাগ, রামপুরা ও খিলগাঁও এলাকা ঘুরে দেখা যায়, বাসাবো, মাদারটেক, নন্দীপাড়া, পশ্চিম রামপুরার উলন, পূর্ব রামপুরার জামতলা, জাকির গলি, তালতলার কিছু অংশ, নবীনবাগ সেহেরুনবাগ এলাকার অনেক রাস্তার পানি এখনও নামেনি। তবে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম হওয়ায় কোথাও যানজট দেখা যায়নি।

এক ব্যক্তির সঙ্গে কথা বলে যানা যায়, টানা বৃষ্টিতে বাসাবো এলাকার রাস্তায় পানি জমে আছে। রাস্তার পাশে অনেক দোকানেও পানি ঢুকেছে।

যাত্রীদের অভিযোগ, জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে রিকশা ভাড়া দুই-তিনগুণ বেড়ে গেছে। জলাবদ্ধতায় বিভিন্ন সড়কে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে।

আবাসিক এলাকার বেশিরভাগ সড়কে পানি। গতকাল পানি ছিল হাঁটু সমান, তবে সারা রাতে তা কিছুটা কমেছে। সড়কে প্রায় হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। এ সময় জলাবদ্ধতার কারণে অসংখ্য ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় থেমে যায়।