
গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কে যেমন গাড়ি চাপ বেড়েছে, তেমনই যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিকাল ৪টার পর নামে মুষলধারে বৃষ্টি। এতে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির গতি প্রায় থেমে যায়। আসাদ গেট, বিজয়সরণি, ফার্মগেট, কাওরান বাজার, সায়েন্সল্যাব, বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, এয়ারপোর্ট, উত্তরা, আবদুল্লাহপুর, নিউ মার্কেট, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা যায়। যানজটে আটকে রিকশা, সিএনজি না পেয়ে অনেককে বৃষ্টিতে ভিঁজে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
অফিস শেষে বিকালে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন অনেক চাকরিজীবী। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা।
এ প্রসঙ্গে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ির গতি কমে গেছে। এতে কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোপ্লাজায় গাড়ি চাপ বেড়ে যাওয়ায় এর চাপ পড়েছে নিচেও। এতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কগুলোতেও যানজট দেখা যাচ্ছে।
