সালমার দ্বিতীয় সংসারে অশান্তির আগুন

ক্লোজআপ তারকা মৌসুমি আক্তার সালমা। বেসরকারি টেলিভিশন সংগীত রিয়্যালিটি শো ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সালমা সারাদেশে ব্যাপক পরিচিতি পান।

গত ৩১ ডিসেম্বর লোকগানের জনপ্রিয় এই শিল্পী পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন। যিনি ঢাকা জর্জ কোর্টের এডভোকেট। বর্তমানে লন্ডনে আছেন। বিয়ের তিন মাস যেতে না যেতেই শোনা যাচ্ছে সালমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা।

শুধু তাই নয়, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ধারায় মামলা করেছেন প্রথম স্ত্রীর পরিবার।

এ ঘটনার সত্যতা জানার জন্য সালমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,দ্বিতীয় বিয়ের বিষয়টা আগেই সাগর আমাকে বলেছে। এটা তার জীবনের একটা দুর্ঘটনা বলেই আমাকে জানিয়েছিলো। এটাও জানিয়েছে, এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমারও যেহেতু আগে একটা বিয়ে হয়েছে, তাই তার অতীত নিয়ে আমি আর তাকে এতোটা বিব্রত করতে চাইনি।

সালমা আরও বলেন,সব সত্যই আমি বললাম। এখন কথা হচ্ছে, এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়েছে। এখন এসে কিসের মামলা? সাগর একজন আইনজীবী। আইনের সব ঝামেলা দূর করেই সে আমাকে বিয়ে করেছে। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে ৩১ ডিসেম্বর। এতোদিন পরে কেনো মামলা? এটা নেহায়েত হয়রানি ছাড়া আর কিছু্ই নয়।

উল্লেখ, ২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।