
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে রোববার কলকাতা থেকে শুরু হয়েছে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালি-২০১৯। আজ সোমবার সাইকেল র্যালিটি বেনাপোল চেক পোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে র্যালিটি সন্ধ্যায় নড়াইলে এসে যাত্রা বিরতি দিয়েছে।
আগামীকাল র্যালিটি নড়াইল থেকে মাগুরা আসবে। সেখান থেকে রাজবাড়ী-মানিকগঞ্জ হয়ে ২৯ মার্চ ঢাকায় এসে শেষ হবে। যাত্রাপথে এই র্যালি বিভিন্ন স্কুলে সভা-সেমিনার করবে। সেখানে মাদকবিরোধী প্রচারণা চালানো হবে। ওয়ালটন গ্রুপ সাইক্লিস্টদের ট্রাকস্যুট ও জার্সি দিয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ে দুই বাংলার সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সম্প্রীতি যাত্রা ২৯ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। এবারের এই র্যালিতে বাংলাদেশ থেকে ৭ জন ও কলকাতা থেকে ১২ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন।
বাংলাদেশ থেকে র্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা হলেন- খুলনার শেখ শাহরিয়ার পান্না, ফেনীর আসাদুজ্জামান নুর, খুলনার শহিদুল্লাহ খান শাহেদ, লক্ষ্মীপুরের আজহারুল রামিন, কুমিল্লার মো. শরীফ, ফেনীর মো. জাকারিয়া, মাগুরার প্রদ্যুত রায়, নড়াইলের শেখ হানিফ ও যশোরের নাসের রহমান রিপন।
