ময়লার ঝুড়িতে ৮ কোটি টাকার সোনা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে ময়লার ঝুড়িতে পৌনে আট কোটি টাকা মূল্যের ৪৮ টি সোনার বার পাওয়া গেছে। শনিবার ভোরে এগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পেয়ে তা খুলে সোনার বার পাওয়া যায়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে যান অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো দেখতে পান তারা।
জানা যায়, উদ্ধারকৃত মোট ৪৮টি সোনার বার ছিল প্যাকেটগুলোর মধ্যে, যার মোট ওজন ১৫ কেজি ৭৩ গ্রাম। এই সোনার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।