ঢাকা-কলকাতা লঞ্চ সার্ভিস চালু ২৯ মার্চ

এখন থেকে কলকাতা যাওয়া যাবে নৌপথে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আগামী ২৯শে মার্চ থেকে ঢাকার পাগলা মেরিএন্ডারসন জেটি থেকে রাত ৯ টায় এম ভি মধুমতি জাহাজটি ছেড়ে যাবে। জাহাজটি বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে।
কেবিন ভাড়া তালিকা
ফ্যামিলি স্যুট (দুইজন)= ১৫০০০ টাকা
প্রথম শ্রেণি (যাত্রী প্রতি)= ৫ হাজার
ডিলাক্স শ্রেণি (দুইজন)= ১০ হাজার
ইকোনমি চেয়ার= ৮ হাজার
সুলভ শ্রেণি/ডেক (যাত্রী প্রতি)=১৫০০ টাকা।
এই সার্ভিস পরীক্ষামূলকভাবে চলবে বলে জানানো হয়।
বোয়িং ৭৩৭ ম্যাক্স বাংলাদেশে ওঠা-নামা করতে পারবে না
ইথিওপিয়ান এয়ারলাইনস ও লায়ন এয়ারের ম্যাক্স উড়োজাহাজের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো এয়ারলাইনসকে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ কেনা বা লিজের অনুমতি দেবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।এ সময় পর্যন্ত দেশের কোনো বিমানবন্দরে ম্যাক্স সিরিজের কোনো এয়ারক্রাফটকে অবতরণ ও উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় বেবিচক। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচক পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) উইং কমান্ডার চৌধুরী এম জিয়াউল কবির।বুধবার সকালে তিনি বলেন, বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সাম্প্রতিক দুর্ঘটনার পর বিষয়টি নজরে রেখেই বেবিচক এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আকাশসীমায় ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বেবিচক। বিধ্বস্ত এয়ারক্রাফট দুটির তদন্ত শেষে বেবিচক এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিশ্বের সর্বাধুনিক এয়ারক্রাফট হিসেবে আগামী বছর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ যুক্ত হওয়ার কথা ছিল দেশের শীর্ষস্থানীয় বেসরকারি একটি এয়ারলাইনসের বহরে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপ মিলে বাংলাদেশে প্রথমবারের মতো বোয়িং ৭৩৭ ম্যাক্স সরবরাহ করার কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না।এয়ারক্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কমার্শিয়াল অফিসার ফিলিপ স্ক্রাগস, লিজিং কোম্পানির প্রতিনিধি সুতেশ সেলভারাতনাম, বোয়িং কোম্পানির ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং আহসেন রাজপুতসহ ইউএস-বাংলা এয়ারলাইনন্সের কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।রেগুলেটরি বডি বেবিচকের নিষেধাজ্ঞার ফলে ওই এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে না এয়ারক্রাফটি।খুব অল্প সময়ের ব্যবধানে দুই দুর্ঘটনার পর ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ক’দিন ধরে একের পর এক বিভিন্ন এয়ারলাইনস বহরে থাকা ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের উড়োজাহাজ গ্রাউন্ডেড করেছে।এর মধ্যে সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও অস্ট্রেলিয়া রয়েছে। এ ছাড়া ইথিওপিয়ান এয়ারলাইনস, ব্রিটিশ কেইম্যান এয়ারওয়েজ, সাউথ আফ্রিকার কোমএয়ার, ব্রাজিলের গোল এয়ারলাইনস, মেক্সিকোর অ্যারোমেক্সিকো ও আর্জেন্টিনার অ্যারোলিনেয়াস আর্জেন্টিনাস,নরওয়েজিয়ান এয়ার, টুই এয়ারওয়েজ, শেনজেন এয়ারলাইনস, এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন, হাইনান এয়ারলাইনস, সাংহাই এয়ারলাইনস, জিংমেন এয়ারলাইনস, শ্যানডং এয়ারলাইনস,ওকে এয়ারওয়েজ, কুনমিং এয়ারলাইনস, গরুড় ইন্দোনেশিয়া, লায়ন এয়ার ও সিল্ক এয়ার তাদের বহরের বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের সব ফ্লাইট স্থগিত করেছে। অসংখ্য এয়ারলাইনস বোয়িং-৭৩৭ ম্যাক্স সিরিজের দেয়া অর্ডার বাতিল করতে শুরু করেছে।