
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। তাদের আজকের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স
চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে দারুণ জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। জয়ের নায়ক ছিলেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আজও তাকে নিয়ে মাঠে নেমেছে চেন্নাই। চোট কাটিয়ে চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মাথিশা পাথিরানা।
বাংলাদেশি সমর্থকরা শঙ্কায় ছিলেন পাথিরানা ফেরায় মোস্তাফিজকে একাদশের বাইরে থাকতে হতে পারে। কিন্তু তেমন কিছু হয়নি। চেন্নাই ভরসা রেখে তাদের প্রথম ম্যাচের নায়কের ওপর। এই ম্যাচে পাথিরানা খেলছেন স্পিনার মহেশ থিকশানার জায়গায়। প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকায় থিকশানা বাদ পড়েছেন।
প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সেই জায়গা ধরে রেখেছেন মোস্তাফিজ। সঙ্গে চেন্নাইয়ের উইকেট একটু ধীর গতির থাকায় মোস্তাফিজের বৈচিত্র্যপূর্ণ বোলিং বেশ কার্যকরী হবে। প্রথম ম্যাচে যা দেখেছে ক্রিকেট বিশ্ব। ২৯ রানে তিনি নেন ৪ উইকেট। তুলে নেন ফাফ ডু প্লেসিস, রাজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনের উইকেট।
