
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তিনি ভোট প্রদান করেন।ভোট দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম রাব্বানী বলেন,শিবির, ছাত্রদল ও কোটা সংস্কার আন্দোলনকারীরা ভোট বানচালের ষড়যন্ত্র করছে। তারা ছাত্রসংসদ কক্ষ থেকে ব্যালট ছিনতাই করেছে।এসময় তিনি দাবি করেন,রোকেয়া হলের ব্যালট বাক্স ছিনতাই করেছে কোটা সংস্কারকারীরা।ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন তিনি। জিএস পদে আরও যেসব প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমান, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রার্থী রাশেদ খান, ছাত্র ফেডারেশনের উম্মে হাবিবা বেনজীর ও ছাত্রদলের আনিসুর রহমান খন্দকার অনিক।সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় চলবে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে একেক জন ভোটারকে ৩৮টি ভোট দিতে হবে।এতে ৪৩ হাজার ২৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে ছাত্র ২৬ হাজার ৯৪৪ এবং ছাত্রী ১৬ হাজার ৩১২ জন।ডাকসুতে ২৫ পদে নির্বাচন হচ্ছে। বিভিন্ন পদের মধ্যে আছে ভিপি, জিএস, এজিএস একটি করে ৩টি। আরও আছে- সম্পাদকীয় ৯টি এবং ১৩টি সদস্যপদ। এসব পদের জন্য বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রসহ প্রার্থী ২২৯ জন। তাদের মধ্যে স্বতন্ত্রসহ ভিপি ২১, জিএস ১৪ জন।ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে ১৩টি প্যানেল। অন্যদিকে প্রত্যেক হল সংসদে ১৩টি পদে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস একটি করে তিনটি। আরও আছে সম্পাদকীয় ৬, সদস্য ৪টি। হল সংসদ (১৮টি হল, ২৩৪ পদে) প্রার্থী ৫০৯ জন। হল সংসদ ও ডাকসু মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে ৩৮টি করে ভোট দিতে হবে। সুষ্ঠুভাবে ভোটের কাজ শেষ করতে রিটার্নিং অফিসারসহ (আরও) ৪২ জন কাজ করছেন।
