
টিকিটবিহীন যাত্রীদের ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।
তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটি মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে কাটাতে পারে, এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। যাত্রীদের ঈদযাত্রা আনন্দদায়ক করতে ঈদের ছুটি রেলের কর্মচারীরা ভোগ করতে পারেন না।
শিডিউল বিপর্যয় নিয়ে মন্ত্রী বলেন, এখন যেটা চলছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। তবে এক লাইনে ট্রেন চললে সেক্ষেত্র কোনও দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে।
রেলমন্ত্রী বলেন, নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন অপারেশন পরিচালনা করা হবে। দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন শিডিউল অক্ষুণ্ন রাখার স্বার্থে রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রেল সচিব, রেলওয়ে মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
