
আন্তর্জাতিক নারী দিবস আজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরসন।
বুধবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে দুপুর আড়াইটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক শোভাযাত্রার আয়োজন করেছে।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় এবছর নির্ধারিত সেমিনারটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।
১৯১৪ সাল থেকে নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করছে।
