বাস্কেটবল তরুণ বিভাগে খুলনা ও তরুণী বিভাগে রংপুরের স্বর্ণ

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর তরুণ বিভাগে খুলনা ও তরুণী বিভাগে রংপুর স্বর্ণ জিতেছে। শুক্রবার আর্মি স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত তরুণী বিভাগের ফাইনালে খুলনা বিভাগকে ৫০-২৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছে রংপুরের মেয়েরা।

তরুণ বিভাগে খুলনা ও চট্টগ্রাম বিভাগের স্বর্ণপদকের ম্যাচটি ছিল রোমাঞ্চকর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চট্টগ্রাম বিভাগকে ৪০-৩৯ পয়েন্টে হারিয়ে সোনালী হাসি হেসেছে খুলনার তরুণরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার।

বাস্কেটবলের তরুণী বিভাগে ব্রোঞ্জ জিতেছে চট্টগ্রাম বিভাগ এবং তরুণ বিভাগে ব্রোঞ্জ জিতেছে রাজশাহী বিভাগ।