ভারোত্তোলনে শাম্মী, সোহান ও জয়দেবের রেকর্ড

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ আজ (মঙ্গলবার) ভারোত্তোলন ডিসিপ্লিনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়।

তরুণী বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২ মিলিয়ে ১১২ কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। রংপুর বিভাগের অনন্যা রায় স্ন্যাচ ৪২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৫০ মিলিয়ে ৯২ কেজি উত্তোলন করে রৌপ্য, খুলনা বিভাগের মোসা আয়শা খাতুন স্ন্যাচ ৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ৪০ মিলিয়ে ৮১ কেজি তুলে পেয়েছেন তাম্র।

তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মোঃ সোহান স্ন্যাচ ৯২ ক্লিন অ্যান্ড জার্ক ৯৭ মিলিয়ে ১৮৭ তুলে স্বর্ণ, রংপুর বিভাগের জীবন চন্দ্র রায় স্ন্যাচ ৮২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৫ মিলিয়ে ১৭৭ কেজি তুলে রৌপ্য এবং ঢাকা বিভাগের আনিসুর রহমান অর্ক স্ন্যাচ ৭০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৮৫ মিলিয়ে ১৫৫ কেজি উত্তোলন করে তাম্র পেয়েছেন।

এই বিভাগের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচ ৯০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫ মিলিয়ে ২০৫ কেজি তুলে স্বর্ণ জিতেছেন। রাজশাহী বিভাগের মোঃ রাহিম স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১০৩ মিলিয়ে ১৮৩ কেজি তুলে রৌপ্য এবং খুলনা বিভাগের মাশরাফি ইসলাম স্ন্যাচ ৮৩ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৩ মিলিয়ে ১৭৬ কেজি তুলে তাম্র পেয়েছেন।