মেহেরপুরে মুকুলের মিষ্টি ঘ্রানে মৌ মৌ করছে প্রকৃতি

মেহেরপুর প্রতিনিধি :

চারদিকে ফুলে ফুলে যেমন ভরে যাচ্ছে ঠিক তেমনি আমের মুকুল ছড়াচ্ছে ঘ্রাণ। শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় বিপুল পরিমানে আমের মুকুলের সমারোহ ঘটছে।

মুকুলের ভারে গাছের ডাল-পালা নুড়ে পড়ছে। ছোট-বড় গাছগুলোতে বেশী মুকুল আসতে শুরু করছে। আমের মুকুল যে পরিমানে আসছে অনেকে মনে করছে এবার আমের ফলন বেশী হওয়ার সম্ভবনা রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেহেরপুর শহরের কালাচাঁদপুর, শেখপাড়া নতুন পাড়া, ফতেপুর, উজলপুরসহ প্রত্যেক জায়গায় মুকুলে ছেয়ে গেছে। হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালী আলোয় যেনো অপরুপ রঙ ছড়াচ্ছে। মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকজনের মধ্যে বইছে আনন্দ।

আবার কেউ কেউ গাছের যত্নে মনোযোগী হয়ে উঠছেন। আমের মুকুল আসছে তাই এখন মৌমাছির গুঞ্জন। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে। গাছের প্রতিটি শাখা-প্রশাখা ভ্রমোরের ব্যঞ্জনা।

আমবাগানি তুহিন আলী জানান, আমার ৭ বিঘা আমের বাগান রয়েছে বর্তমানে আবওহায়া অনুকুলে রয়েছে। সপ্তাহ খানেক আগে থেকে বাগানের আম গাছে মুকুল আসা শুরু করেছে।

মুকুল আসার পর থেকে গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছে এখন আমরা গাছের নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করছি। আল্লাহ চাইলে এ বছর আমের ভালো ফলন পাব।

আমবাগানি ইসমাইল বলেন, এখন আমরা গাছের পরিচর্যা করতে ব্যস্ত হয়ে পড়েছে। নিয়মিতভাবে কীটনাশক বালাইনাশক স্পে করছি। গত বছর থেকে এ বছর বেশি ফলন হবে বলে আশা করছি।

বাগানি সাইফুল ইসলাম বলেন, এবছর আমের মুকুল অনেক বেশি।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার বলেন, মুকুলের যথাযথ পরিচর্যা না করলে মুকুল ঝরে পড়ে আমের ফলনে ক্ষতিগ্রস্থ হতে পারে। আম গাছে ফুল আসার ১৫ দিন আগে পর্যাপ্ত সেচ দিতে হবে।

ফুল ফোটার সময় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলে বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে। এখন চাষীদের আমরা নিয়মিতভাবে ছত্রাকনাশক স্প্রে করতে বলা হয়েছে। এ ব্যাপারে কৃষকদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। আশা করি এ বছর আমের ফলন ভালো হবে।