
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে প্রবল ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা ১১ হাজার ২২৪ জনে উপনীত হয়েছে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তা টের পাওয়া গেছে ইসরায়েল, সাইপ্রাস- এমনকি সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত গ্রিনল্যান্ড থেকেও। এ ভয়ংকর ভূমিকম্পে আহত হয়েছেন প্রায় ২৩ হাজার ৫৮০ জন । শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৫৪ জন। আহত হয়েছেন প্রায় ১৪ হাজার ১১৯ জন।
অপরদিকে, যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় অন্তত ২ হাজার ৫৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯ হাজার ৪৬১ জন। দুই দেশ মিলিয়ে এই মুহূর্তে নিহতের সংখ্যা ৯ হাজার ৪২৭ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃতের এই সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে। এর আগে ১৯৯৯ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১৭ সহস্রাধিক বেসামরিক লোকের প্রাণহানি হয়েছিল।
জানা যায়, প্রথম ভূমিকম্পের ১২ ঘণ্টা না যেতেই ফের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াতেও এ ভূ-কম্পন অনুভূত হয়েছে। পর পর দুইবারের ভূমিকম্পে শুধু তুরস্কে ৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সিরিয়াতেও সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুই দেশে দেখা দিয়েছে ভয়ারহ মানবিক বিপর্যয়। তুরস্কে ও সিরিয়ায় ঘণ্টায় ঘণ্টায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তুরস্ক ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশজুড়ে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের শোক। বন্ধ ঘোষিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ শহর ও প্রদেশের সব স্কুল-কলেজ। দেশটিতে ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আর দেখা যায়নি। এই ভয়ংকর মানবিক বিপর্যয়ে তুরস্ক ও সিরিয়ার প্রতি শোক সমবেদনা জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশের নেতানেত্রীরা। খবর বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, আলজাজিরা, এএফপি, টিআরটি ওয়ার্ল্ড ও ডেইলি সাবাহের।
তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশটির অন্যান্য শহরে এবং পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর কয়েকবার পরাঘাত আঘাত হানে। এগুলোর মধ্যে একটি ছিল ৬ দশমিক ৪ ও একটি ৬ দশমিক ৫ মাত্রার।
তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও কিলিস। আর সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আজাজ শহরে এক বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু উদ্ধার হলেও এখানো একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম।
ভূমিকম্পের পরপরই জোর উদ্ধার তৎপরতা শুরু করে তুরস্কা ও সিরিয়ার সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী ও সাধারণ মানুষ। তবে প্রচণ্ড ঠাণ্ডা, শীতকালীন তুষারঝড় ও বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তুষারে অনেক সড়ক ঢেকে গেছে। শীতের এই ভয়াবহ ঠাণ্ডায় সেখানকার পরিস্থিতিকে মারাত্মক জটিল করে তুলেছে। বর্তমানে ভূমিকম্প কবলিত তুরস্কের গাজিয়ানতেপের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। পাশের কিলিসের তাপমাত্রা ২ ডিগ্রি। ওসমানিয়ার তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি। সিরিয়ার তাপমাত্রাও এর কাছাকাছি। সঙ্গে আছে তুষারপাত, বৃষ্টি। ফলে সোমবার ভূমিকম্পের পর যারা বেঁচে আছেন, তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উদ্ধারকর্মীদের জন্য এ এক কঠিন অবস্থা। এটা সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের দিয়ারবাকির শহরে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবক ধ্বংসস্তূপের ভিতর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাদের পরনে জ্যাকেট। তুষারপাত হওয়ার কারণে পরেছেন ‘ফেস স্কার্ফ’। এদিকে তীব্র শক্তিশালী ঝড় আঘাত করেছে সিরিয়ার উত্তরাঞ্চলে। ভয়ানক ঠাণ্ডা। বহু মানুষ বাড়িঘর হারিয়েছেন। তারা এখন খোলা আকাশের নিচে। এ সংকট সহজেই সমাধান হওয়ার নয়। ফলে চরম ভয়াবহ ও আতঙ্কসৃষ্টিকারী হয়ে ওঠেছে এই ভূমিকম্প।
