
তিনবছর পর ভাষার মাসের প্রথম দিনে পর্দা উঠল অমর একুশে বইমেলার। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির ‘প্রাণের এ মেলা’র ৩৯তম আসরের উদ্বোধন করেন।
এসময় বই মেলা ঘুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রকাশিত দশ খণ্ডের বই কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।
মেলা পরিদর্শনকালে গ্রাফিক নভেলের সবকটি খণ্ড একত্রে কিনে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিনিময়ে প্রদান করেন এক হাজার টাকা। মুজিব গ্রাফিক নভেলের প্রতিটি সংখ্যা খুঁটিনাটি দেখে দেন তিনি। এই নভেলের প্রকাশক আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর ভিত্তি করে ২০১৫ সালের ১৭ মার্চ প্রকাশিত হয় গ্রাফিক নভেল মুজিবের প্রথম খণ্ড। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দশম খণ্ডের মাধ্যমে সমাপ্ত হয় গ্রাফিক নভেল ‘মুজিব’। এই গ্রাফিক নভেল ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে। এই গ্রাফিক নভেলের প্রতিটি খণ্ডের খুচরা মূল্য ১৫০টাকা এবং একত্রে ১০ খণ্ড মেলায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
চলতি বছর আয়োজিত একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮৪৫-৮৪৬ নম্বরে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর স্টল। সেখানে সিআরআই প্রকাশিত বিভিন্ন বই ও দেশের একমাত্র পলিসি ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রতিটি এডিশনও পাওয়া যাচ্ছে।
