কবির আহমেদ খানের হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মোঃ রাসেল :

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান,অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ,সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান।আজ (বুধবার ৬ মার্চ, ২০১৯) দুপুরে নিজ কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করে ঘটে যাওয়া ঘটনার জন্য সমবেদনা জানান মন্ত্রী।এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন,দ্বিতীয়বার ঢাকা-গাজীপুর মহাসড়কে ডাকাতির ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।ইতিমধ্যে পুলিশ দু’জনকে আটক ও লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে।

তিনি বলেন,শুধু সাংবাদিক নয় সাধারণ নাগরিকের নিরাপদ যাতায়াতের জন্য পুলিশকে স্বার্বক্ষণিক তৎপর থাকতে হবে।ধৈর্য্য ধরে আইনের আশ্রয় নেয়ায় ডিআরইউ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এরকম গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজটে ডাকাতির ঘটনা সত্যিকার অর্থে অনভিপ্রেত।দায়িত্বপালনে কারো গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে।বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন।সাংবাদিকদের ওপর নির্যাতন,হামলা প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই।যেকোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।এই সময় চ্যানেল নাইনের সাংবাদিক ও কর্মচারীদের চাকুরিচ্যুতির ঘোষণা তুলে নেওয়ার দাবী জানান ডিআরইউ সভাপতি।সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফজাল বারীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত,সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,শাহেদ চৌধুরী,সাইফুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানী,সৈয়দ শুকুর আলী শুভ,ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।